ঈদে সরকারি ছুটি বাড়ল, শবে কদরসহ টানা ৭ দিনের অবকাশ

সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি এক দিন বাড়িয়ে মোট ছয় দিন করেছে সরকার। এর সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি থাকবে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করার পর থেকেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে। কারণ ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক দিন বাড়ানোয় ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৭ মার্চ শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাবেন।

Post a Comment

0 Comments