ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চালাতে তার দেশ এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং বাসিজ বাহিনীও গুরুতর ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, “ইরান আর আগের মতো ইরান নেই।” তার ভাষ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলার কারণে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে পারেনি।
ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের কাউকে তিনি ‘জীবননাশের হুমকি’ দিতে চান না। তবে খামেনিকে ‘রেভল্যুশনারি গার্ডের পুতুল’ বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, খামেনি প্রকাশ্যে আসতে পারছেন না এবং সর্বোচ্চ নেতার সাম্প্রতিক একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ পাঠক পড়ে শোনান।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, “আমরা আপনাদের পাশে আছি।” তবে তিনি এটাও উল্লেখ করেন যে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইরানের জনগণেরই।
নেতানিয়াহু আরও বলেন, ইরানের সঙ্গে চলমান এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে নতুন নতুন জোট গঠনের সুযোগ তৈরি হচ্ছে। তার মতে, আগে যা সম্ভব ছিল না, এখন ইসরাইল সেই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
এদিকে ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে কয়েকটি তেল টার্মিনাল তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
0 Comments