ইরানে অভিযানের সময় ইরাকে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান ইরাকে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করা হয়।

মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা এপিকে জানান, বিধ্বস্ত হওয়া কেসি-১৩৫ ট্যাঙ্কার বিমানটিতে অন্তত পাঁচজন ক্রু সদস্য ছিলেন।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলা কিংবা নিজেদের বাহিনীর গুলির কারণে (ফ্রেন্ডলি ফায়ার) ঘটেনি। বিবৃতিতে বিমানটিকে ‘লস’ বা ‘ক্ষতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, ঘটনাটির সঙ্গে দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়।

আরও এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনাটিতে জড়িত অন্য বিমানটিও একটি কেসি-১৩৫ ট্যাঙ্কার ছিল।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি এগোনোর সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে সেনাসদস্যদের পরিবারের জন্য সুনির্দিষ্ট তথ্য দিতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে তারা।

এপি জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় প্রকাশ্যে স্বীকৃত হিসেবে এটি চতুর্থ বিমান দুর্ঘটনা। গত সপ্তাহে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ভুলবশত’ কুয়েতের মিত্র বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছিল।

এদিকে গত সপ্তাহের শুরুতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় ১৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার আগে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে।

Post a Comment

0 Comments