বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরকসহ কয়েকজন নেতাকর্মী এসে কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
এর কিছু সময় পর বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে অফিসের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
এ ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন এবং কর্মী ওসমান গণি।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে তার জানা নেই।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আওয়ামী লীগের একটি অংশ কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
0 Comments