দেশের পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় ইফতার বাতিল করলেন প্রধানমন্ত্রী

সিবি ডেক্স: দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রী শুধু দুটি ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আগে থেকে নির্ধারিত ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে যে ইফতার মাহফিলের সময়সূচি ছিল, তা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয়েছে।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়ে থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন করা হচ্ছে না।

Post a Comment

0 Comments