গোয়েন্দা তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী জলসীমায় অবস্থানরত কোনো জাহাজ থেকে ড্রোন হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তেহরান ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে এই ধরনের হামলা চালাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া এফবিআইয়ের এক সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে আরও বলা হয়েছে, মার্কিন উপকূলে অবস্থানরত কোনো অপরিচিত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে অজানা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হতে পারে। গোয়েন্দারা ধারণা করছেন, হামলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আগেই সেখানে মজুত করা হয়ে থাকতে পারে।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে এই সতর্কতা জারি করা হয়েছিল। তবে বিষয়টি সম্প্রতি জনসমক্ষে আসায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ইরানের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে এবং তারা ড্রোন প্রযুক্তি ব্যবহারে সক্ষম।
অন্যদিকে মেক্সিকোর মাদক চক্রগুলোর ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়ায় মার্কিন সীমান্ত ও সেনাদের নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে।
তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান-সমর্থিত হামলার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জরুরি সেবা দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লস অ্যাঞ্জেলেসে এফবিআই কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে হোয়াইট হাউস থেকেও এবিসি নিউজ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি।
0 Comments