কমলনগরে দোকানের তালা ভেঙে নগদসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি

সিবি ডেক্স: লক্ষ্মীপুরের কমলনগরে একটি দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার চরলরেন্স মধ্য বাজারের ‘শিরোনাম ফ্যাশন’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটে। পরদিন দোকানের মালিক শাহীন ইকবাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন ইকবাল ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ছয় বছর আগে দোকানটি চালু করে ব্যবসা শুরু করেন। বুধবার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে যান। পরদিন সকালে দোকানে এসে দেখেন তালা ভাঙা এবং ভেতরের মালামাল উধাও।

তাদের দাবি, দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ৬৫ হাজার টাকা এবং প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার পোশাক চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ২০০ পিস শাড়ি, ১৭০ পিস লুঙ্গি এবং প্রায় ১৫০০টি থ্রি-পিস। এর মধ্যে শাড়ির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গির মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা।

বাজারটিতে তিনজন নৈশপ্রহরী দায়িত্বে থাকলেও তাদের বিষয়ে সন্দেহ প্রকাশ করে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

দোকানের অংশীদার মহিন উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ নতুন মালামাল তোলা হয়েছিল এবং কয়েকদিনের বিক্রির টাকাও ক্যাশে ছিল। দোকানের তালা ভেঙে নগদ অর্থ ও বিপুল পরিমাণ পোশাক নিয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রকৃত চোর শনাক্ত করতে বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments