সিবি ডেক্স: কক্সবাজারে পৃথক দুইটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৫ জন মাদক কারবারি আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি বড় ইয়াবার চালান কাভার্ড ভ্যানে পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ স্টেশন কোস্ট গার্ড নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে কাভার্ড ভ্যানের তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
পৃথক আরেকটি অভিযানে মিয়ানমার থেকে নাফ নদীর মাধ্যমে বাংলাদেশে ইয়াবা প্রবেশের খবর পেয়ে রাডার নজরদারি ও টহল জোরদার করা হয়। শুক্রবার মধ্যরাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও বোটসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
0 Comments