অভিযোগের মধ্যেই স্ট্যান্ড রিলিজ, কক্সবাজার সিভিল সার্জন বদলি

সিবি ডেক্স: কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হককে অভিযোগ তদন্তের মধ্যেই স্ট্যান্ড রিলিজ দিয়ে বদলি করা হয়েছে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নতুন সিভিল সার্জন হিসেবে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৬ মার্চ স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম. কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ছয়জন কর্মকর্তার নিয়োগ ও বদলির এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩০ মার্চ থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

প্রসঙ্গত, কক্সবাজার থেকে বদলি হওয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। এসব অভিযোগের মধ্যেই তাকে সিভিল সার্জনের পদ থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

Post a Comment

0 Comments