আদালত প্রাঙ্গণে সাবেক এমপি মাসুদ উদ্দিনের ওপর ডিম ও পানি নিক্ষেপ।

সিবি ডেক্স: সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে বের করে ভ্যানে তোলার সময় উপস্থিত সংক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে আনা ময়লা পানি তার শরীরে নিক্ষেপ করেন এবং পচা ডিম ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি আগে থেকেই পলিথিনে ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন।  

এ সময় পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে নিরাপদে নিয়ে যায়।  

ডিবি সূত্র জানায়, মানবপাচারের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments