তসবিহর দানা গলায় আটকে মীরসরাইয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

সিবি ডেক্স: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তালহা স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খেলাধুলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির স্বজন মোরশেদ ভুঁইয়া জানান, ঘটনাটি ঘটে খুব অল্প সময়ের মধ্যেই। তসবিহর ছোট দানাটি গলায় আটকে যাওয়ার পরপরই শিশুটি শ্বাস নিতে পারছিল না।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়িতে তালহার জানাজা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments