সিবি ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে চাঞ্চল্যকর এক ঘটনায় একাধিক প্লটে বিপুল সংখ্যক ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের সাত নম্বরসহ আশপাশের চারটি প্লট থেকে জবাই করা ১২টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।
একই সময়ে ২৫টি জীবিত ঘোড়া ও বিপুল পরিমাণ জবাই করা ঘোড়ার হাড়ও উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জসহ আশপাশের হাট-বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। তবে জবাই করা ঘোড়ার মাংস ক্রয় করে কসাইরা তা গরুর মাংসের মতো বিক্রি করছে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকায়, ফলে ক্রেতারা অনিচ্ছাকৃতভাবে প্রতারণার শিকার হচ্ছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্র ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া জবাই করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য সদস্য পালিয়ে যায়।
ওসি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে জবাই করা ১২টি ঘোড়া, জীবিত ২৫টি ঘোড়া এবং পূর্বে জবাই করা ঘোড়ার হাড় উদ্ধার করা হয়েছে। এক ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করেছে।
এ ঘটনায় এলাকাবাসী জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে এবং সেই সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ঘোড়ার মাংস উদ্ধার করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল।
0 Comments