গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে ‘কৃষি ও বনায়ন’ বিভাগে বিশ্বসেরা ৪০১–৪৭৫-এ

সিবি ডেক্স: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মতো যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এর ‘কৃষি ও বনায়ন’ বিভাগে বিশ্বে ৪০১–৪৭৫তম অবস্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন গাকৃবির জনসংযোগ শাখার সেকশন অফিসার মো. রনি ইসলাম। তিনি জানান, এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বের ১০৭১–১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টির এ অগ্রগতি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণা সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তোলার ফল বলে মনে করা হচ্ছে। 

প্রকাশিত তালিকায় ‘কৃষি ও বনায়ন’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে Wageningen University & Research এবং দ্বিতীয় স্থানে রয়েছে University of California। কিউএসের এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার আওতায় ১,৯০০টির বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। 

এর আগে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ গাকৃবি দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একইসঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান লাভ করে। 

আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এও গাকৃবি দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। একই সঙ্গে THE সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ ‘লাইফ সায়েন্স’ বিভাগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে। 

এছাড়া THE Impact Rankings ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে গাকৃবি। একইভাবে WURI ২০২৫-এর ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। বৈশ্বিক শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবির অবস্থান ৩৩১তম। 

উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এটি শুধু র‌্যাঙ্কিংয়ে উন্নতি নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে জায়গা করে নিতে কাজ চালিয়ে যাব।’

Post a Comment

0 Comments