ইরানের হামলার সঙ্গে সমন্বয়, ইসরায়েলে হিজবুল্লাহর শতাধিক রকেট নিক্ষেপ

সিবি ডেক্স: ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সমন্বয় করে ইসরায়েল অভিমুখে একযোগে বিপুলসংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল-জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার অন্তত ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

লেবানন থেকে আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে উত্তর ইসরায়েলে অন্তত তিন দফায় বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলা এমন সময় করা হয় যখন ইরানও একই সময়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল।

দ্বিমুখী এই হামলার ফলে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলায় অন্তত ১০০টি প্রক্ষেপক ব্যবহার করা হয়েছে।

হামলার পরপরই উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সীমান্তবর্তী শহরগুলোর বাসিন্দাদের বাঙ্কারে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই বড় ধরনের রকেট হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Post a Comment

0 Comments