নকল ধরায় শিক্ষককে হেনস্তা, অভিযুক্ত শিক্ষার্থী রাসেল মিয়া গ্রেপ্তার

সিবি ডেক্স: রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্রে নকল ধরতে গিয়ে শিক্ষককে হেনস্তার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টায় আগারগাঁও এলাকার নৌপরিবহন অধিদপ্তরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা-পুলিশ। গ্রেপ্তার রাসেল মিয়া আইডিয়াল ল কলেজের এলএলবি শেষ বর্ষের ছাত্র।

পুলিশ জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানাকে মারধর ও হেনস্তা করা হয়।

ঘটনার পর গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার দ্বিতীয় আসামি রাসেল মিয়াকে এরই মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, পরীক্ষার হলে দায়িত্ব পালনরত শিক্ষককে মারধর ও হেনস্তার ঘটনায় মামলা হওয়ার পর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলামকে এরই মধ্যে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্রের গেট দিয়ে বের হওয়ার পরপরই দুই শিক্ষার্থী তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে সহকর্মী ও কর্মচারীরা তাকে উদ্ধার করেন।

তিনি বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হলে তার নির্দেশে দ্রুত মামলা নেওয়া হয়।

Post a Comment

0 Comments