আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র পান।
২০২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ–৫ পাওয়া কিশোর গোলাম নাফিজ। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে একটি রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে ছিলেন।
রিকশাচালক নূর মোহাম্মদ তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ফার্মগেটের একটি হাসপাতালে ঢুকতে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন বলে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা হন।
সেসময় দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি ধারণ করেন। ৪ আগস্ট দিবাগত রাতে পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখেই নাফিজের পরিবার তার খোঁজ পায়।
ছবিতে রিকশার পেছনে থাকা একটি মোবাইল নম্বর দেখে পরিবারের সদস্যরা নূর মোহাম্মদের সন্ধান পান। পরে তিনি জানান, সেদিন ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। এক পুলিশ সদস্যের ডাকে অন্যরা আহত নাফিজকে তার রিকশায় তুলে দেন। হাসপাতালে নিতে গিয়ে বাধার মুখে পড়লে খামারবাড়ি এলাকায় গেলে কয়েকজন নাফিজকে দ্রুত একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের সেই রিকশাটি হস্তান্তর করা হয়। এক ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় তার কাছ থেকে রিকশাটি কিনেছিলেন।
0 Comments