বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস

সিবি ডেক্স: বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান। সরকারি তথ্যবিবরণীর বরাতে বিষয়টি জানিয়েছে সংবাদ সংস্থা বাসস। 

বৈঠকে নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ধারাবাহিক মানবিক ভূমিকা ও উদারতার প্রশংসা করেন তিনি। 

এ সময় বৈঠকে সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষাপটে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাব তুলে ধরেন। 

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

Post a Comment

0 Comments