মন্ত্রী-এমপিদের সতর্ক ও মার্জিত আচরণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিবি ডেক্স: দলীয় সংসদ সদস্য ও তার সরকারের মন্ত্রীদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শমূলক নির্দেশনা দেন।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে কেউ যেন মন্তব্য না করেন— এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

এদিন ২০৯ জন সংসদ সদস্যের অংশগ্রহণে বেলা সোয়া ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ১টায়।

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দেন। পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বানও জানান তিনি।

Post a Comment

0 Comments