ওমানের সোহার প্রদেশে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) সোহার প্রদেশের আল-ওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই প্রবাসী শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, সোহার প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। তবে সেই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওমান নিউজ এজেন্সি জানায়, ড্রোন ভূপাতিত হওয়ার এই দুটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগেই একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করেছে।
0 Comments