অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিবি ডেক্স: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার খোঁজখবর নিতে সেখানে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশেষ করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলেন তিনি।

এ সময় মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং দায়িত্বে থাকা চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।

এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

Post a Comment

0 Comments