একদিনে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে কমলো আরও ২১৫৮ টাকা

একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর এবার আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম।

এর ফলে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে নতুন দামের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এ ছাড়া স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে জুয়েলারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments