ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, বাড়ছে স্বাস্থ্য তৎপরতা

দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (০৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নীতি অনুযায়ী চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু এলজিইডি’রই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। উপস্থাপিত পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে। এই হার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Post a Comment

0 Comments