গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ নামে একটি নবনির্মিত গ্যাস পাম্পে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে একটি গ্যারেজে রাখা ৩০টি গাড়ি, ৮টি বাড়িসহ বিভিন্ন স্থাপনায়। এতে ১০ জন দগ্ধ হন। ঘটনার প্রায় এক সপ্তাহ পর বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ঘটনার পর এখনো তারা কোনো ধরনের সহযোগিতা পাননি। প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে তারা মানববন্ধনে নেমেছেন বলে দাবি করেন।
অনেকে অভিযোগ করেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে ঘরে খাদ্যসংকট। কেউ স্বজন হারিয়েছেন, আবার কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আগুনে ঘরবাড়ি ও সম্পদ পুড়ে যাওয়ায় তারা দ্রুত ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, গ্যাস পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তদারকির অভাব ছিল। তারা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য ইউনুসসহ অন্যরা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
0 Comments