বুধবার (৪ মার্চ) র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন—মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
র্যাব জানায়, ৩ মার্চ দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় আব্দুর রহমানের ভাড়া বাসায় সশস্ত্র ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে আটক করা হয়। অন্ধকারের সুযোগে আরও ২-৩ জন পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও গুলিভর্তি ধারক, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা, ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ভাঁজযোগ্য ইস্পাতের চাকু, ৩টি ধারালো আংটি এবং ৪টি মুঠোফোন ও বিভিন্ন অপারেটরের সংযোগচিপ উদ্ধার করা হয়।
আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ১ নম্বর আসামি মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments