সিবি ডেক্স: বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে মণপ্রতি ১ লাখ ৭০ হাজার টাকা দরে, যার মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ টাকা। পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি নিয়ে আসা হলে খোলা ডাকে অংশ নেন একাধিক পাইকার। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন মাছটি ক্রয় করেন।
পাথরঘাটা মৎস্য বন্দরের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ খুবই কম। সাগরে মাছ ধরা পড়ছে না বললেই চলে। বলেশ্বর নদীতে ধরা পড়া এই ইলিশটি তাই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ সামনে রেখে বড় আকারের ইলিশের চাহিদা বেড়ে গেছে, যার ফলে দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা আলহাজ্ব জাকির হোসেন জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের চাহিদা থাকায় তিনি খোলা ডাকে সর্বোচ্চ দামে মাছটি কিনেছেন। ইতোমধ্যে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে আরও ভালো দামে বিক্রির আশা করছেন।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, আগামী মাসে মাছের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করতে গভীর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করা হবে। জেলেরা এটি যথাযথভাবে মেনে চললে ভবিষ্যতে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বড় আকারের ইলিশ বেশি পাওয়া যাবে।
0 Comments