সিবি ডেক্স: মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছেন। শনিবার সকালে সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ধরে নেওয়া জেলেরা হলেন—মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন (১৮), মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক (৪০) ও মো. জাবের মিয়া (২৪)। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম জানান, তিনটি নৌকার ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে জেলেপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা জেনেছেন এবং ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে জেলেদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।
স্থানীয় জেলেদের তথ্য অনুযায়ী, গত দুই বছরে অন্তত পাঁচ শতাধিক জেলেকে বিভিন্ন সময় আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এর মধ্যে প্রায় তিন শতাধিক জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে ফিরে আসেন। তবে এখনো দেড় শতাধিক জেলে আরাকান আর্মির হেফাজতে আটকা রয়েছেন।
0 Comments