সিবি ডেক্স: প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে এই ঋণ দেওয়া হবে। ঋণ সরাসরি নগদ অর্থে প্রদান করা হবে না; ব্যাংক বিদেশে পেমেন্ট বা ফি প্রদানের মাধ্যমে সরাসরি সহায়তা করবে।
নুরুল হক নুর বলেন, সাধারণ ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে জটিলতা থাকে। এই ব্যবস্থায় শিক্ষার্থীরা সহজে বিদেশে পড়াশোনা করতে পারবে এবং শেষে কাজের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাবে। এভাবে বাংলাদেশও উপকৃত হবে।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজার বা রেমিট্যান্সে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং ভিয়েতনামের শ্রমবাজার নিয়েও ইতিবাচক পদক্ষেপ আশা করা যাচ্ছে।
0 Comments