ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এটিই ছিল ইরানের চালানো সবচেয়ে তীব্র ও শক্তিশালী হামলা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তী এক নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারেন।
এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশেই প্রতিহত করা হয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে কিংবা কার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট করে কিছু জানায়নি।
এদিকে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।
অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পরপরই বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
0 Comments