নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) এবং দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রী আকাশ মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন কৃষক সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের কৃষকেরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রাজমিস্ত্রী আকাশ মিয়া কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই পরিবারের জন্য ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
0 Comments