ঝিনাইদহ সদরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তরু মিয়া প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে এসেছিলেন।
সংঘর্ষে তরু মিয়া ছাড়াও তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ মোট ৮ জন আহত হন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। তিনি দাবি করেন, নিহত তরু মিয়া বিএনপির একজন কর্মী ছিলেন এবং এ ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
0 Comments