ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিষয়টি কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো পৃথক দুই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং সে হিসেবে গত বছরের ১ জুন এ সিটির মেয়াদ শেষ হয়েছে। ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। এছাড়া ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়; সেই হিসাবে এ সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে আলোকে তিন সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, সিটি করপোরেশন নির্বাচন দলীয় না নির্দলীয় হবে—তা নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের ওপর। সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে করার অধ্যাদেশ জারি করেছে, তবে তা সংসদের প্রথম অধিবেশনে অনুমোদন পেতে হবে। অনুমোদন পেলে সে অনুযায়ী নির্বাচন হবে, আর পরিবর্তন হলে আগের নিয়মে ফিরে যেতে পারে। কমিশন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।
0 Comments