সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দুবাইয়ে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট নিয়ে বিতর্ক

সিবি ডেক্স: বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দুবাইয়ে তার মেয়ে মেহরিন সারা মনসুরকে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন—এমন অভিযোগ সামনে এসেছে।

কিছুদিন আগে তিনি গণমাধ্যমকে জানান, তিনি কোনো দিন বিদেশে কোনো টাকা পাঠাননি এবং দুবাইয়ের সম্পত্তিটি তার কন্যার। তার দাবি অনুযায়ী, ফ্ল্যাটটি কেনা হয়েছিল ২০২৩ সালে এবং দলিলে তিনি কেবল অভিভাবক হিসেবে আছেন।

তবে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটি কেনা হয়েছে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর। দলিলে উল্লেখ রয়েছে, ফ্ল্যাটটির অবস্থান দুবাইয়ের আল জাদ্দা এলাকায়। সেখানে মালিক হিসেবে আহসান এইচ মনসুর ও মেহরিন সারা মনসুর—দুজনের নামই রয়েছে।

দলিলে আহসান এইচ মনসুরকে অভিভাবক হিসেবে আলাদাভাবে উল্লেখ করা হয়নি। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী, কেউ কেবল অভিভাবক হলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকে। শুধু নাম থাকলে তা আইনগতভাবে সরাসরি মালিকানা হিসেবে গণ্য হয়। এ কারণে তাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে—এ দাবি দলিলগতভাবে সঠিক নয় বলে উঠে এসেছে।

জানা যায়, ফ্ল্যাটটির রেজিস্ট্রেশনের দিন আহসান এইচ মনসুর দুবাইয়ে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তিনি জিবুতি যান, ২২ ডিসেম্বর ইথিওপিয়া যান এবং একই দিন আদ্দিস আবাবা থেকে দুবাই পৌঁছান। ২৪ ডিসেম্বর রাতে তিনি দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

এই সময়সূচি অনুযায়ী, ২৪ ডিসেম্বর তিনি পুরো দিন দুবাইয়ে অবস্থান করেন এবং ওই দিনই ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে, দলিল সম্পাদনের সময় ক্রেতার সরাসরি উপস্থিতি ও স্বাক্ষর প্রয়োজন। বিকল্প হিসেবে পাওয়ার অব অ্যাটর্নি বা ডিজিটাল স্মার্ট সার্ভিসের সুযোগ থাকলেও সংশ্লিষ্ট দলিলে কোনো প্রতিনিধির নাম নেই, বরং স্বাক্ষর রয়েছে। বিষয়টি তার শারীরিক উপস্থিতির দিকেই ইঙ্গিত করে।

Post a Comment

0 Comments