মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, কক্সবাজারে তীব্র কম্পন


সিবি ডেক্স: 
মিয়ানমারের সাগাইং অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে এ ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০১ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর প্রভাব মিয়ানমারের পাশাপাশি ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে, যা ঢাকা থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দূরে। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। কক্সবাজার ও আশপাশের এলাকায় তুলনামূলক বেশি কম্পন অনুভূত হয়। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে উল্লেখ করেন তিনি।

রাত ১০টা ৫৪ মিনিটে পর্যটন নগরী কক্সবাজারে ভূমিকম্পে কেঁপে ওঠে বিভিন্ন ভবন। পাশাপাশি উখিয়া, টেকনাফ, রামু উপজেলা এবং বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়িতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র্যাক জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাউলাইক এলাকা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

কক্সবাজার শহরের বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন বলেন, হঠাৎ কম্পন অনুভব করে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ভবনের পঞ্চম তলায় অবস্থান করায় ভয় আরও বেশি কাজ করেছে বলে জানান তিনি। উখিয়া উপজেলার পার্বত্য ইউনিয়ন ঘুমধুমের বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, প্রায় ৭ থেকে ৮ সেকেন্ড ধরে ঘর কেঁপেছে, এমন অভিজ্ঞতা আগে হয়নি।

প্রসঙ্গত, এর ২২ দিন আগে ৩ ফেব্রুয়ারি রাতেও কক্সবাজার ও আশপাশের এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

Post a Comment

0 Comments