আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল। তবে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় পরপর তিন দফায় সময় বাড়িয়ে তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। সর্বশেষ আদেশে ২০২৩ সালের আয়কর আইনের ৩৩৪ ধারার ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে বলা হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা এক কোটি ২৩ লাখ। এর মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩৮ লাখ ৮৪ হাজার জন এবং কাগুজে রিটার্ন দিয়েছেন প্রায় তিন লাখ করদাতা। অর্থাৎ এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতি। তারা সার্ভার জটিলতা, ওটিপি সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট, আইন সংশোধন, নেটওয়ার্ক সমস্যা, রমজান ও ঈদসহ বিভিন্ন কারণ তুলে ধরেছিল।
0 Comments