কক্সবাজারের পেকুয়ায় পঞ্চম পৌরসভা গঠনে সমীক্ষা শুরু

সিবি ডেক্স: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কক্সবাজার জেলার পঞ্চম পৌরসভা হিসেবে পেকুয়া গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পেকুয়া উপজেলা প্রশাসন এ বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা সদর ও সংলগ্ন এলাকায় প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য প্রশাসনিক এলাকা নির্ধারণে সীমানা যাচাইয়ের সমীক্ষা পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের আদেশে এ কার্যক্রম পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

ইউএনও জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পেকুয়া পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সীমানাসহ প্রয়োজনীয় কিছু তথ্য চাওয়া হয়েছে। সে অনুযায়ী প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমীক্ষাকালে সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে পেকুয়া উপজেলা বাস্তবায়নে ভূমিকা রাখেন সালাহউদ্দিন আহমদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনি প্রচারে পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন, যার ধারাবাহিকতায় দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই এ প্রক্রিয়া শুরু হয়েছে।

Post a Comment

0 Comments