১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

সিবি ডেক্স: শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এ সিদ্ধান্তের ফলে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা মওকুফের আওতায় আসবে এবং উপকৃত হবেন আনুমানিক ১২ লাখ কৃষক।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়ার পর যত সুদই হোক, সুদ-আসলসহ পুরো অর্থ মওকুফ করা হবে। লিখিত বক্তব্যে তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে শক্তিশালী করা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এই সিদ্ধান্তের আওতায় পড়বে। ঋণমুক্ত হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উৎপাদন বৃদ্ধিতে আরও সক্রিয় হতে পারবেন বলে জানানো হয়।

Post a Comment

0 Comments