পাকুন্দিয়ায় দাঁড়িপাল্লার পক্ষে ১১–দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১–দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা–কর্মী মিছিল নিয়ে উপজেলা সদরের কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়, যা উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট মাঠে এসে শেষ হয়।

গণমিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে। সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।

সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ–২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আব্দুল্লাহ মমতাজ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্যে কিশোরগঞ্জ–২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং পচে যাওয়া রাষ্ট্রব্যবস্থার সংস্কারে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিতে হবে। তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মা–বোনদের কোনো ভয়ভীতি বা গুজবে কান না দিয়ে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং চাঁদাবাজদের রুখে দেওয়ার কথা বলেন। যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে।

Post a Comment

0 Comments