ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে। মৃত মো. চান মিয়ার স্ত্রী মোছাম্মৎ মালেকা বেগম দীর্ঘদিন ধরে বিধবা ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই সেশনে মোবাইল অ্যাকাউন্টে টাকা না আসায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে নান্দাইল উপজেলা সমাজসেবা অফিসে খোঁজ নিতে যান।
সেখানে জানতে পারেন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মালেকা বেগমকে মৃত দেখিয়ে তার মৃত সনদসহ একটি প্রত্যয়নপত্র সমাজসেবা অফিসে জমা দেন। একই সঙ্গে প্রস্তাব দেওয়া হয় একই গ্রামের আব্দুল হাই (৭০) নামে একজনকে বয়স্ক ভাতার আওতায় আনার। সমাজসেবা অফিস কোনো সরেজমিন তদন্ত ছাড়াই জীবিত মালেকা বেগমকে মৃত দেখিয়ে তার স্থলে আব্দুল হাইকে ভাতার ব্যবস্থা করে দেয়। এরপর থেকে তিনি নিয়মিত ভাতা পেয়ে আসছেন।
এ খবরে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল থেকেই সমাজসেবা অফিসে অবস্থান করে প্রতিকার দাবি করেন ওই বৃদ্ধা। অফিসের কর্মকর্তারা তাকে ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে ইউপি সদস্য রুহুল আমীন বলেন, বিষয়টি ভুলবশত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যেন মৃত দেখানো নারীকে জীবিত হিসেবে সংশোধন করা যায়, সে উদ্যোগ নেওয়া হবে।
নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকনন্দ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ওই বৃদ্ধার ভাতা পুনর্বহাল করা হবে।
0 Comments