জাতীয় সংগীত লিখতে না পেরে তেঁতুলিয়ায় ৩৮ প্রার্থী বাদ

সিবি ডেক্স: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। ফলে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ নিয়োগ ও বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এতে মোট ৩৮ জন আবেদন করেন।

পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে সকলকে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। ফলে কাউকে উত্তীর্ণ ঘোষণা করা সম্ভব হয়নি এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়নি। পরবর্তীতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে বলে জানা গেছে।

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা যাচাইয়ে গিয়ে দেখা যায়, কোনো প্রার্থীই জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। তিনি জানান, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।

Post a Comment

0 Comments