বগুড়া-৬ আসনে ৮ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, এই আসনের ৮টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত গণনা হওয়া ৮টি কেন্দ্রে তারেক রহমান মোট ১২ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬ হাজার ১৯২ ভোট।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট, আর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমানের ভোট ১ হাজার ৮৩৪ এবং আবিদুর রহমানের ১ হাজার ৪।

এছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৭০ ভোট (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ ভোট (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ ভোট (আবিদুর রহমান ৬৬০) এবং সরকারি মোস্থাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫) পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও ধানের শীষ প্রতীকের প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরী (মই) এসব কেন্দ্রে কয়েক শ’র বেশি ভোট পেতে পারেননি।

এর আগে বৃহস্পতিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টা থেকে ভোট গণনা শুরু হয়।

Post a Comment

0 Comments