ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ভোট গণনা শেষে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে তার জয় নিশ্চিত হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১১৭টি কেন্দ্রের সবগুলোতে ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২১ ভোট, যা আসনটিতে বিএনপির সুস্পষ্ট আধিপত্যের ইঙ্গিত দেয়। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, গ্রাম ও শহরাঞ্চলের অধিকাংশ কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের প্রবণতা লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
0 Comments