বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আগে দেশের টাকা চুরি করেছে তারা এখনো সেই চুরির সঙ্গে জড়িত রয়েছে। ব্যাংক লুণ্ঠন ও চাঁদাবাজির সঙ্গে যুক্তরা এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। আগামী ১২ তারিখ দেশের সাড়ে ১২ কোটি ভোটার তাদের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রস্তুত করে রেখেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, লুটেরা ও শেয়ারবাজার লুণ্ঠনকারীরা দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি সামর্থ্য দেন, তবে পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। তিনি জানান, যে এলাকা যত বেশি বঞ্চিত, উন্নয়নের অগ্রাধিকার সেখানেই দেওয়া হবে এবং প্রত্যেককে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে।
আইনের শাসনের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, সবার জন্য সমান ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান তারা। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি—একই অপরাধ করলে সবাইকে একই বিচারের মুখোমুখি হতে হবে। জাতি এমন ইনসাফের অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তরুণ সমাজের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, যুবসমাজ দেশ গড়ার যে সুযোগ পাওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি। জামায়াতে ইসলামি সেই সুযোগ নিশ্চিত করতে চায়।
নির্বাচিত হলে সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি ৬০ থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ডাকসুর জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
0 Comments