টেকনাফে প্রচারণার গাড়িতে গুলি, শিশুসহ পাঁচজন আহত

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণার গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নম্বর ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

গুলির ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক ও তিনজন বাংলাদেশি রয়েছেন। আহত রোহিঙ্গারা হলেন— আলীখালী ক্যাম্পের নুর হোসেনের ছেলে রহমান (৩৬) এবং নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।

আহত বাংলাদেশিরা হলেন— আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নুসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণার গাড়ি আলীখালী এলাকায় পৌঁছালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। গুলি কে বা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারণার গাড়িতে গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তের জন্য তদন্ত চলছে।

Post a Comment

0 Comments