শেরপুরে ডাব চুরির সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে ডাব চুরির সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গাছের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত সজিব প্রামানিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার বাসিন্দা এবং ফজলু ওরফে ফজুর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির একটি ডাব গাছে উঠে ডাব চুরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোরে গাছের গোড়ায় নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। ভোরের দিকে তার মৃত্যুর খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেয়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments