টাঙ্গাইলকে পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে টাঙ্গাইলে এমনভাবে পর্যটনশিল্প গড়ে তোলা হবে, যাতে আর চট্টগ্রাম বা কক্সবাজার যেতে না হয়; বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাই টাঙ্গাইলে আসবেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের খোলাবাড়ি মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক টুকু বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে’ স্লোগান বাস্তবায়নে তিনি কাজ করবেন। সম্প্রতি নির্বাচনী সমাবেশে তারেক রহমানের কাছে টাঙ্গাইলের উন্নয়ন সংক্রান্ত একাধিক দাবি তুলে ধরা হলে সেগুলো পূরণের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, টাঙ্গাইল সদরের একজন মানুষও যেন বেকার না থাকে, সে লক্ষ্যেই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। টাঙ্গাইলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা গেলে দেড় থেকে দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যার অন্তত অর্ধেক চাকরি সদর উপজেলার মানুষের জন্য নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে টুকু বলেন, যমুনা তীরবর্তী এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পর সেখানে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। এতে অতিরিক্ত ২০ থেকে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং চরাঞ্চলের মানুষকে আর বাইরে যেতে হবে না।

বিএনপি সরকার গঠন করলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

বৈঠকে জামায়াতে ইসলামীর সমালোচনা করে টুকু বলেন, টাঙ্গাইলে এসে তারা উন্নয়ন নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। জনগণের জন্য কী করবে, সে বিষয়েও তারা পরিষ্কার নয়।

তিনি আরও বলেন, টাঙ্গাইলকে সন্ত্রাস, কিশোরগ্যাং ও মাদকমুক্ত নিরাপদ নগরে রূপান্তরের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments