নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া নয়টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু ভূঁইয়া) বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, গণনা সম্পন্ন হওয়া ৯টি কেন্দ্রে দীপু ভূঁইয়া মোট ১১ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫ হাজার ৯৩৫ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জ-১ আসনেও ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেল থেকে ধাপে ধাপে ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কর্মকর্তারা জানান, সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো ছিল।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
নির্বাচন পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারাদেশে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ঘটনায় জাল ভোট প্রদান এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
0 Comments