দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম মন্তব্য

সিবি ডেক্স: দাঁড়িপাল্লা প্রতীককে ঘিরে রাজনৈতিক বক্তব্যে নতুন বিতর্ক তৈরি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার পটুয়াখালীর বাউফলে এক নির্বাচনি জনসভায় তিনি মন্তব্য করেন, বর্তমানে রাজনীতির দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, অনেকেই দাঁড়িপাল্লাকে ইনসাফ ও ন্যায়ের প্রতীক হিসেবে তুলে ধরলেও বাস্তবে দেশের মানুষ বিদেশি প্রভাবমুক্ত ন্যায্য বিচারব্যবস্থা দেখতে চায়। আমেরিকা বা ভারতের প্রভাব নয়, ইসলামের ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে প্রচলিত আইনে দেশ পরিচালিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

সভায় তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর মানুষ জুলুম-নির্যাতনমুক্ত একটি রাষ্ট্রের আশা করেছিল, কিন্তু বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে সেই প্রত্যাশা পূরণে বাধা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে নিরপরাধ কাউকে দেশ ছাড়তে হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চান।

Post a Comment

0 Comments