Recents in Beach

ব্রেকিং নিউজ

ওমানফেরত প্রবাসীর পরিবারের ৭ জন নিহত, নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

সিবি ডেক্স: ওমানফেরত এক প্রবাসীকে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে নিহত হয়েছেন একই পরিবারের সাতজন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায়।

নিহতরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে ১১ জন ছিলেন। ঘুমিয়ে পড়া চালকের অমনোযোগিতার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। পেছনের সিটে থাকা সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর চালকসহ চারজন গাড়ি থেকে বের হয়ে আসেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানিয়েছেন, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। পরিবার চাইলে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওমানফেরত প্রবাসীর স্বপ্নের ফেরাটা রূপ নিয়েছে পরিবারের জন্য এক দুঃস্বপ্নে।

Post a Comment

0 Comments