সিবি ডেক্স: কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতের কারণে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে। মহিষগুলো পুঁতে ফেলার মতো ব্যবস্থা না থাকায়, মৃত দেহ নদীতে ভাসিয়ে দেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার উদয়নগর পদ্মা নদীর চর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের উদয়নগর মাঠে নবীর উদ্দিন ঘোষের বাথানে প্রায় ৩০০ মহিষ ছিল। বজ্রপাতে তার ১০টি এবং এলাহী ঢালীর একটি মহিষ মারা যায়। আরও কয়েকটি মহিষ অসুস্থ হয়ে পড়ে। তবে কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত নবীর উদ্দিন বলেন, “এতগুলো মহিষ একসঙ্গে মারা গেছে। মাটি খুঁড়ে পুঁতে রাখা সম্ভব না হওয়ায় নদীতে ভাসিয়ে দিয়েছি।”
দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদুল ইসলাম জানান, “মারা যাওয়া মহিষগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, “ঘটনাটি জেনেছি। সরকারিভাবে বরাদ্দ এলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।”
এ ঘটনায় চরাঞ্চলের কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
0 Comments