সিবি ডেক্স: রাজশাহীর পুঠিয়ায় সেনাসদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং একজন শিক্ষককে বিদ্যালয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
বুধবার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আনোয়ারুল ইসলাম বেশ কিছুদিন ধরে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়ে আসছিলেন। বিষয়টি সেনাবাহিনীকে জানালে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম তাঁর লোকজন নিয়ে সেনাসদস্য তরিকুল ইসলামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন, এবং আরেক সেনাসদস্যের বাড়িতে ভাঙচুর চালান। এ ঘটনায় রফিকুলকে প্রধান আসামি করে থানায় মামলা হলেও তিনি এখনও পলাতক।
জেলা বিএনপির আহ্বায়ক বলেন, “দলীয় শৃঙ্খলার বাইরে কোনো নেতার কর্মকাণ্ড দল মেনে নেবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
0 Comments